বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম খাদ্যগুদাম এলাকায় রোববার দুপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় আব্দুল মান্নান (৩৪) নামে এক অটোভ্যানের চালক নিহত ও তিনজন আহত হয়েছে।
নিহত আব্দুল মান্নান উপজেলার রতন কাওয়াক গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, রোববার দুপুরে তিনজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোভ্যান উল্লাপাড়া বাজারের দিকে যাওয়ার পথে নবগ্রাম খাদ্যগুদাম এলাকায় বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক আব্দুল মান্নান ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি বদরুল ।