বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার আদমদীঘিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী শিবলুকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সান্তাহার পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান ও তার সোর্স । এ সময় পুলিশ শিবলুকে না পেলেও তার মা হামিদা বেগমকে (৫৫) গ্রেফতার করেছে। তার কাছে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুড়িয়া হেরোইন পাওয়া গেছে।
শুক্রবার সকালে সান্তাহার সুইপার কলোনীর পাশে চা বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে হামলাকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সান্তাহার সুইপার কলোনীর চা বাগান এলাকার নুরুল ইসলামের স্ত্রী হামিদা বেগম, ছেলে শিবলুসহ পুরো পরিবার মাদক ব্যবসা করে। এ নিয়ে সম্প্রতি পত্রিকায় লেখালেখি হলে পুলিশ তৎপর হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমানের ফোর্স ছাড়াও সোর্সকে নিয়ে অভিযান চালান। তখন মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়। শিবলু ও অন্যরা পালিয়ে গেলে পুলিশ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া হেরোইনসহ তার মা হামিদা বেগমকে গ্রেফতার করে। হামলায় আহত ইন্সপেক্টর আনিসুর রহমান ও তার সোর্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সান্তাহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি আবদুল কুদ্দুস পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মাদক ব্যবসা নির্মুল ও ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, আসামি গ্রেফতার করতে গেলে ইন্সপেক্টর আনিসুর রহমানের সাখে ধস্তাধস্তি হয়েছে। আহত সোর্স পুলিশের কনস্টেবল না সোর্স সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।