বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকার বন্দুকের জোরে ভয় দেখিয়ে,গুম-খুনের মাধ্যমে জোর করে ক্ষমতা ধরে রেখেছে।
‘আজ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। তাই সরকার পতনে এই বৃদ্ধ বয়সেও আন্দোলনে মাঠে নেমেছি। এজন্য মাঠ পর্যায়ের সকল নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলনে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে হবে। এ সরকার শুধু ভোট চোরের সরকার নয়, দেশের সকল কিছুই তারা চুরি করছে। তাদের এই ভোট চুরি ও নির্বিচারে হত্যার কারণেই আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে।‘
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের বিরূদ্ধে মিথ্যা বানোয়াট রায় বাতিলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মির্জা ফখরুল আরো বলেন,আগামীতে ভোট সুষ্ঠু না হলে তারা আর আমেরিকাতে ঢুকতে পারবে না। এজন্য এবার আওয়ামী লীগের ভোট চুরি বন্ধে রাজপথে নেতাকর্মীকে থাকতে হবে। অন্যয় ভাবে ফরমায়াশের রায়ে আজ ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানকে সাজা দেয়া হয়েছে। এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ মাঠে নেমেছে তাদের অধিকার আদায় করেই তারা ঘরে ফিরবে। কয়লা কেনার টাকা আমরা ঠিকই পরিশোধ করি কিন্তু এই সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আজ কয়লা কেনার টাকা বাকিতে ফেলে বিদ্যুৎ নিয়ে প্রতারণা করছে।
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের শেষ সরকার নয় আগামীতে এদেশে আরো সরকার গঠন হবে। তাই সকলকে তার নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচনের আগেই খালেদা জিয়ার মুক্তিসহ সকল নেতাকমীদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আজকে সমাবেশে পুলিশ যেভাবে সহযোগিতা করেছে আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুদার দুলু।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ জেলা বিএনপির নেতা নিয়াকত আলী, নাজমুল হাসান তালুকদার রানা, আবু সাঈদ সুইট, মোস্তফা জামান, হারুনর রশীদ খান হাসান প্রমুখ।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে এবং সমাবেশকে ঘিরে পুলিশ কঠোর নিরাপত্তা বজায় রাখে।