বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : ঢাকায় বিএনপির মহাসমাবেশের স্থলে দুর্বৃত্তদের হাতে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন, পুলিশকে কুপিয়ে হত্যা ও প্রধান বিচারপতি বাসভবনে হামলার প্রতিবাদে রাঙ্গামাটি প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক রাঙ্গামাটি প্রতিনিধি এ কে এম মকসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বাসস রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ আলী, নিউজ ২৪ এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, ৭১ টিভি’র প্রতিনিধি উচিংছা রাখাইনসহ রাঙ্গামাটি কয়েকটি পেশাজীবী সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন। সাংবাদিকদের মানববন্ধনে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করেন। তাঁরা তা জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু এই দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। গণমাধ্যমের উপর নৃশংসতা চালিয়ে বিএনপি প্রমাণ করল তারা দেশের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নয়।
আমরা অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ স্থলে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, পুলিশকে কুপিয়ে হত্যা ও প্রধান বিচারপতি বাসভবনে হামলার ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রæত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং আগামীতে রাজনৈতিক কর্মসূচির সময় যে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কর্মরত সাংবাদিকদের উপর হামলা এবং গণমাধ্যমের যানবাহন ভাংচুর করবে, সেই দলের বিরুদ্ধে সাংবাদিক সমাজ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।