বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলকে বহিষ্কারের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে বেলকুচিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলার চালা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এই অবাঞ্ছিত ঘোষণা করে নেতা-কর্মীরা।
বিক্ষোভ ও সমাবেশ শেষে বেলকুচি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সুপারিশ ছাড়াই মিথ্যা অভিযোগে বিএনপি আব্দুর রাজ্জাককে বহিষ্কারাদেশের তীব্র প্রতিবাদ জানানো হয়। এই বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে দায়ী করে তাকে বেলকুচিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য রেজাউল করিম, সদস্য মোশারফ হোসেন, মজনু শিকদার, আব্দুল ওয়াহাব প্রমুখ। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত ৩১ ডিসেম্বর আব্দুর রাজ্জাক মন্ডলসহ বেলকুচি ও চৌহালী উপজেলার ৫ বিএনপি নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।