বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম হেলিসর্টি ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি ব্যালট পেপার, সরঞ্জাম ও কর্মকর্তা পাঠানো শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকালে জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে পার্বত্য রাঙ্গামাটির ১৮টি দুর্গম অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়। নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমুর্চনীয় কালি।
রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, রাঙ্গামাটির ১০টি উপজেলার মোট ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ১৮টি ‘হেলিসর্টি’ কেন্দ্র রয়েছে। মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচনী ব্যালট পেপার এবং সরঞ্জাম পাঠিয়ে দিচ্ছি। এই ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্রের মধ্যে জুরাছড়ি উপজেলায় ৮টি, বাঘাইছড়িতে ৫টি, বরকলে ২টি ও বিলাইছড়িতে কেন্দ্র রয়েছে ৩টি। আগামী ৭ জানুয়ারি নির্বাচন শেষে পুনরায় নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের নিয়ে আসা হবে।
এর আগে জেলার ১০ উপজেলা রাঙ্গামাটি সদর, কাপ্তাই, রাজস্থলী, নানিয়ারচর, লংগদু, কাউখালী, দুর্গম উপজেলা বরকল, জুরাছড়ি, বাঘাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি জেলার ২৯৯ একটি আসনে লড়ছেন দেশের বৃহত্তর রাজনৈতিক দলের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি দীপংকর তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সমর্থিত প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী সোনালি আঁশ প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির দশ উপজেলায় ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪১৬ এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৩৬ জন।