বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবিরের সাবেক এক নেতাসহ ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলো- রংপুর জেলা সদরের ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে চালক আশরাফুল (২৩), মোহাম্মদ আলীর ছেলে হেলপার রনি (২২) ও শাহজাদপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি এবং দূর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. নজরুল ইসলাম (৩৩)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোযারল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গগামী পণ্যবাহী একটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে পিকআপভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপভ্যানটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি বাজার এলাকায় সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দোকানের সামনে মোটরসাইকেলে বসে থাকা নজরুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। এ ঘটনায় দোকানে বসে থাকা ইজিবাইক চালকসহ ২জন আহত হয়েছে। তাদেরকে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটানাস্থল থেকে বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।