বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে শুরু হয়েছে কর্ণেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। শুক্রবার সকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা বক্তব্য রাখেন।
উদ্বোধনী খেলায় অংশ নেয় দাশরা পল্লী মঙ্গল সমিতি ও ভিক্টোরিয়া ক্লাব। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কর্ণেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ৫টি রাউন্ডে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- দাশরা পল্লী মঙ্গল সমিতি, ভিক্টোরিয়া, নিউ স্টার, বন্ধু একাদশ, কুলফা গোষ্ঠী ও মানিকগঞ্জ ইয়াং স্ট্রেঞ্জার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, খেলাধুলার মাধ্যমে প্রত্যেক জাতি উন্নতির শিখরে উন্নীত হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছে। বিশে^র মধ্যে বাংলাদেশকে পরিচিতি লাভ করিয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী খেলাধুলার মান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। মানিকগঞ্জে ক্রিকেটে নতুন নতুন খেলোয়াড় তৈরী হচ্ছে। এরাই ভাল দক্ষতায় ভবিষ্যতে জাতীয় দলে খেলবে।