বাংলা হেডলাইনস: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের বিষয় আদালতের ব্যাপার।এখানে সরকারের কিছু করণীয় নেই।
আদালতে খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন ‘খালেদা জিয়ার রায় তো আদালতের ব্যাপার। সরকারের কোনো কিছু করণীয় নয়। এটি একান্তই আদালতের ব্যাপার।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজ একাংশের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই মন্তব্য করেন।
আজ সুপ্রিম কোর্টের হাই কোর্টের একটি বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয়।
তথ্যমন্ত্রী জানান ‘সহসাই গণমাধ্যমকর্মী আইন মন্ত্রিপরিষদে উঠবে। এ আইনের মাধ্যমে টেলিভিশনসহ সকল গণমাধ্যমকর্মীকে আইনী সুরক্ষার আওতায় আনা যাবে,’ তথ্যমন্ত্রীর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ।