বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ রবিবার সকালে রাঙ্গামাটির জনবহুল বনরূপা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সালাউদ্দিন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপুসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন, আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। একারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এছাড়া অসাধু ব্যবসায়ীরা হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা এসব কিনতে হিমশিম খাচ্ছে। তাই শ্রমজীবি মানুষেরা যাতে মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজারের উপর গুরুত্বারোপ করে তার জন্য তাদেরকে সচেতন করার জন্যই এই উদ্যোগে।