বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আব্দুর রউফ আবু সাঈদ (৪৬) কে হত্যা করা হয়েছে। তিনি ওই উপজেলার দুবলাই গ্রামের কোরবান আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় শিক্ষক আমিনুল (২৯) ও কলেজ ছাত্র নাছির (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতংকের সৃষ্টি হয়েছে। কাজিপুর থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সে যখন ইন্টারমিডিয়েটে পড়তো আমিনুল ইসলাম তখন তার গৃহশিক্ষক ছিল। কয়েক মাস ধরে কলেজ যাওয়ার পথে ওই ছাত্রীকে
প্রায়ই উত্ত্যক্ত করতো আমিনুল । এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করেছে মেয়েটির স্বজনরা। বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন ছাত্র তাকে উত্ত্যক্ত করে। এমন খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ গিয়ে প্রতিবাদ করেন। এ সময় আমিনুল লোকজন নিয়ে তাকে বেদম মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং বৃহস্প্রতিবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে আমিনুলসহ ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। রাতেই একই এলাকার আলমপুর গ্রামের শিক্ষক আমিনুল ও কলেজ ছাত্র নাছিরকে গ্রেফতার করা হয়।