বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) ছাত্র নিহত আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে ৭ অক্টোবর ভোর রাতে বিশ্ববিদ্যালয়টির শেরেবাংলা হলে পিটিয়ে মারা হয়।
আবরার ফাহাদের মা, বাবা বরকত উল্লাহ ও ভাই আবরার ফায়াজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।
গণভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হওয়ার পর আবরারের মা তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেখ হাসিনা তাকে পরম মমতায় বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখেন এবং তাঁর জন্য নির্ধারিত চেয়ারের পরিবর্তে আবরারের মা’ র পাশেই বসে পড়েন।
প্রধানমন্ত্রী আবরারের পরিবারের সদস্যদের জানান তিনি ইতোমধ্যে আবরার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।