বাংলা হেডলাইনসঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার সহ ১০ দফা দাবির মাঠ পর্যায়ের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে।
সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে একজন শিক্ষার্থী গণমাধ্যমের সামনে বলেন আমাদের মাঠ পর্যায়ের আন্দোলনের আপাতত ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে এক গণশপথে অংশ নেবো।গণশপথের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসে সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হবো।
ঘোষণাকারী ছাত্র বলেন খুব সুস্পষ্ট ভাবে আমরা বলতে চাই মাঠ পর্যায়ের যে আন্দোলন তার আপাতত ইতি টানলেও আমরা অবশ্যই সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে থাকবো যে আমাদের যে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন নিশ্চিত করছে কি না।
তিনি আরও বলেন আইন প্রয়োগকারী সংস্থা চার্জশিট দাখিলের পর সেটার ভিত্তিতে অপরাধীদের একাডেমিকভাবে স্থায়ী বহিষ্কার করার আগ পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা কোন রকম একাডেমিক কার্যক্রমে অংশ নেব না।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার পর অক্টোবর ৭ ক্যাম্পাসে আন্দোলনে নামে। আন্দোলনকারীরা লাগাতার আন্দোলনের মাঝে অক্টোবর ১৩-১৪ দুদিন আন্দোলন শিথিল করে বুয়েটে ১ম বর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে ও আন্দোলনকারীদের দাবিসমূহের বাস্তবায়ন দৃশ্যমান শুরু হওয়ায়।
আবরারকে পিটিয়ে হত্যা করা হয় ।তার লাশ বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়িতে অক্টোবর ৭ ভোর রাতে পড়ে থাকতে দেখা যায়।