বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে বিগত বিএনপি সরকার আন্তর্জাতিক সংস্থার নির্দেশনা মেনে দেশের রেল-যোগাযোগ ব্যবস্থা বন্ধ করতে চেয়েছিল।
প্রধানমন্ত্রী বুধবার রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রথম ঢাকা কুড়িগ্রামের মধ্যে সরাসরি ইন্টারসিটি রেল সার্ভিস ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ উদ্বোধনকালে এই মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন ‘কোন কোন আন্তর্জাতিক সংস্থার নির্দেশনা ছিল যে কোনটা লাভবান না সেটা বন্ধ করে দাও। ঠিক তেমনিভাবেই এই নির্দেশনায় রেল যোগাযোগটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য অনেকগুলো রেল স্টেশন বন্ধ করে দেয় (বিএনপি সরকার)’।
প্রধানমন্ত্রী বলেন ‘যেহেতু লাভ হয় না সেই জন্য আর চলবে না । এই ধরণের একটা নীতি নিয়েছিল বিএনপি ক্ষমতায় থাকতে এবং তারা সে ধরনের কিছু পদক্ষেপও নেয়। লাভজনক ছিল না বলে যারা এটাকে (রেল) বন্ধ করতে চেয়েছিল আমরা আজকে তাদের দেখাতে চাই যে রেলকে লাভজনক করা যেতে পারে ও উন্নত করা যেতে পারে’।