বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা-যমুনা নদীতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অভিযান চালিয়ে দুই মণ ইলিশ উদ্ধার করে এবং মা ইলিশ ধরার দায়ে ৩৭ জন জেলেকে জেল-জরিমানা করে। এ ছাড়াও দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার জাকির হোসেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার জুয়েল মাহমুদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।
আটক জেলেদের মধ্যে ২৪ জনকে এক বছর করে কারাদণ্ড এবং ১৩ জনকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া দুই মণ মা ইলিশ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এর আগে বুধবার ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌসের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, নৌপুলিশের ওসি মনিরুল ইসলামসহ অন্যান্য মৎস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।