বাংলা হেডলাইনসঃ গত কয়েক দিন যাবত অনবরত বৃষ্টি হওয়ায় প্রায় সারা দেশেই শীতের আগমন অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে নিম্নচাপের কারণে বুধবার থেকে দেশে বৃষ্টি হচ্ছে। আগামী রবিবার দেশের কয়েকটি অঞ্চল ছাড়া সব জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে, রাস্তাঘাটে চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও কৃষকের সরষে সহ বিভিন্ন ফসল ও শাকসবজি আবাদের ক্ষতি হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ শুক্রবার বলেন যে ২৭ অক্টোবর থেকে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ব্যাতিত অন্য সব অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন নভেম্বরের ১৫ পর শীত পড়ার সম্ভাবনা রয়েছে।এর মধ্যে হয়তো দেখা যাবে যে উত্তর অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রুহুল কুদ্দুছ বলেন যে এই মুহূর্তে শীত পড়ার সম্ভাবনা কম। তবে বৃষ্টির কারণে শীত অনুভূত হচ্ছে।
বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন অনুযায়ী সিরাজগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও শীতল
হাওয়া বইছে। এতে শীতের আমেজ শুরু হয়েছে। শুক্রবার বিকেল থেকে এই বৃষ্টি ও শীতল হাওয়ার প্রভাব বাড়ছে। এমন বৃষ্টিতে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বুধবার মধ্যরাত থেকে এ জেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। কয়েকদিন ধরে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চর ও দূর্গমাঞ্চলের অবস্থা প্রায় কাহিল। এ বৃষ্টি অব্যাহত থাকায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বড় ধরণের দূর্ঘটনারও আশংকা রয়েছে। তবে মহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।