বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে সাত লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিবি পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের ঢাকার পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ভুয়া নিয়োগপত্র ও কিছু সাদা স্ট্যাম্প পাওয়া গেছে। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার প্রতাকরা হলো বগুড়ার গাবতলী উপজেলার নাংলু শিমুল ট্যাক গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আবু মুছা (২৬) ও নওগাঁর ধামুইরহাট উপজেলার চান্দপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আজিজুল ইসলাম (৩৮)। পুলিশ জানায়, প্রতারকরা বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের রাসেল মিয়া নামে এক তরুণকে সেনাবাহিতে সৈনিক পদে চাকরি দেবার নামে ৮ লাখ টাকা চুক্তি করে। কয়েক দফায় ৭ লাখ ৩০ হাজার টাকা নেয়া হয়। গতমাসে প্রতারকরা রাসেল মিয়াকে সেনাবাহিনীর সৈনিক পদে একটি নিয়োগপত্র দেয়। পরে যাচাই করে জানা যায় নিয়োগপত্রটি ভুয়া। এরপর প্রতারক চক্রের সদস্যরা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করলে মঙ্গলবার সকালে ঢাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে আবু মুছা ও আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।