বাংলা হেডলাইনস বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবন থেকে চারটি ট্রলারসহ ৫৫ জন রাস উৎসবের দর্শনার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাগেরহাট জেলার সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবারিয়া এলাকা থেকে বন বিভাগ তাদের আটক করে। অবৈধভাবে তারা ট্রলার নিয়ে সুন্দবনে প্রবেশ করার পর ফিরছিল। ঘুর্ণিঝড় বুলবুলের কারণে ৮ নভেম্বর রাস উৎসব স্থাগীত করে উৎসব কমিটি। এর পরেও তারা অবৈধ ভাবে রাস উৎসবে যাওয়ার জন্য সুন্দরবনে প্রবেশ করে বলে বন বিভাগ জানায়।
আটকৃতদের সবার বাড়ি বাগেরহাট জেলার রামপাল ও মোংলা এবং খুলনা জেলার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। বুধবার তাদেরকে চাঁদপাই রেঞ্জ অফিসের আনার পর প্রত্যেককের কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে তাদের মুক্তি দিয়েছে বন বিভাগ।
এর আগে গত সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরবনের আলোরকোন থেকে চারটি ট্রলারসহ ৪৯ জন রাস উৎসব দর্শনার্থীকে বন বিভাগ আটক করে। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে তাদের ছেড়ে বন বিভাগ।
এছাড়া ৫ নভেম্বর সুন্দরবন থেকে তিনিট ট্রলারসহ ৬০জন হরিণ শিকারীকে আটক করা হয়। এসময় তাদের ট্রলার থেকে হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ, দা, কুড়াল এবং বটিসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই ৬০ জন রাস উৎসব উপলক্ষে হরিণ শিকারের উদ্দেশ্যে অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল বলে বন বিভাগ জানায়।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. শাহীন কবির জানান, ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের মোহনায় দুবলার চরে হিন্দুধর্মলম্বীদের ঐতিহ্যবাহি রাস উৎসবের কথা ছিল। কিন্তু ঘুর্ণিঝড় বুলবুল উপকূলে ধেয়ে আসার খবরে আয়োজক কমিটি ৮ নভেম্বর রাস উৎসব স্থগীত ঘোষণা করেন। এর পরেও অবৈধ ভাবে ওই ৫৫ জন দর্শনার্থী চারটি ট্রলার নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। ফেরার পথে বন বিভাগ তাদেরকে আটক করে।
প্রসঙ্গত, রাস উৎসবকে ঘিরে প্রায় প্রতিবছর হরিণ শিকারি চক্র সক্রিয় হয়ে উঠে। বিভিন্ন সময় বন বিভাগ এবং আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের হাতে শিকারি চক্রের সদস্যরা ধড়া পড়লেও ঠেকে থাকে না হরিণ শিকার।