বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বৃআঙ্গারু গ্রামে রোববার সকালে সরকারি জলাশয়ের দখল ও জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ফলাকাঘাতে আব্দুল আওয়াল (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত আওয়াল ওই গ্রামের সোলায়মান প্রামাণিকের ছেলে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, সরকারি একটি জলাশয়ের দখল ও জমিজমা নিয়ে ওই গ্রামের আব্দুল্লাহ গং এবং সোলাই গংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দফায় দফায় সালিশ-বৈঠকও হয়েছে। ওই বিরোধের জেরে রোববার সকালেও সালিশি বৈঠক বসার কথা ছিল। কিন্তু বৈঠকের বসার আগেই কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল্লাহ গংয়ের লোকজন সোলাই গংয়ের পক্ষের আওয়ালকে ফলা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আওয়ালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।