বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মানিকগঞ্জে অবৈধ ভাবে পরিচালিত হওয়া ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বুধবার বিকাল নাগাদ দুটো ইট ভাটায় অভিযান চালালেও দৃশ্যমান উচ্ছেদ হয়নি। ওই দুটোতেই ১ লাখ টাকা করে জরিমানাসহ ইট ভাটার অংশ বিশেষ ভেঙ্গে দেওয়া হয়।
দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহম্মেদের নেতৃত্বে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় অবস্থিত
মেসার্স তমা ব্রিকস ও মেসার্স মানিকগঞ্জ ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালায়। প্রথমে মেসার্স তমা ব্রিকসে যায় ওই টিম। এসময় দুটি ভাটার চিমনি ভাঙ্গার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হয়নি। এসময় দুটো ইট ভাটার মালিককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক খালেদ হাসান সহ আইনশৃংখলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে মানিকগঞ্জে ১৪৯ টি ইটভাটার মধ্যে চালু রয়েছে ১৩৩টি। এর মধ্যে সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলায় ৯৩টি ভাটার মধ্যে অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে ৪০টি ইটভাটা।