বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় প্রভাবশালীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের প্রবেশমুখে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিশাল জায়গা দখল করেছে। সেখানে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ অব্যাহত রয়েছে। এলাকাবাসীরা সরকারের মুল্যবান জায়গা দখলমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, প্রভাবশালীরা বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাড়কের প্রবেশমুখে সওজ’র বিশাল আয়তনের জায়গা দখল করেছে। সেখানে অবৈধভাবে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। মোটর গ্যারেজ ছাড়াও বিশাল আকৃতির বাণিজ্যিক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। দখলবাজরা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা আদায় করছে। সওজ বিভাগ বগুড়া-মাটিডালি, বগুড়া-সান্তাহার, বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে অবৈধ দখলবাজদের উচ্ছেদ করেছে। তবে বগুড়া-শেরপুর সড়কের সাজাপুরে দখল করা ওই জায়গা উদ্ধারে কোন পদক্ষেপ নেয়নি।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান জানান, শাজাহানপুরের সাজাপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কের প্রবেশমুখে তাদের কিছু জায়গা দখল করে সেখানে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিষয়টি নজরে এসেছে। আগামী মাসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জায়গা দখলমুক্ত করা হবে।
বিলবোর্ড প্রসঙ্গে তিনি জানান, বগুড়া পৌরসভা অনুমতি ছাড়াই বিশাল আকৃতির বিলবোর্ড স্থাপন করে ভাড়া আদায় করছে। এ ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জায়গা দখলের সাথে জড়িতরা কথা বলতে রাজি হয়নি।