বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ঝাপড়া মোদকপাড়া মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, উক্ত মহল্লার মৃত অগ্নিশ্বর মোদকের ছেলে কান্তিশর মোদক, গৌতম কুমার মোদক, স্বাগতম মোদক, নান্টু মোদক পৈত্রিক সুত্রে ওই বাড়ির মালিক এবং তাঁরা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন।
এক সপ্তাহ আগে কান্তিশর মোদক চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এ সুযোগে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত পেট্রোল দিয়ে ওই বাড়িতে আগুন দেয়। এতে ২টি ঘরবাড়ি, আসবাবপত্র ও জুয়েলারী সামগ্রীসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকরা পৌর মেয়রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। বুধবার সকালে পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান ও জাতীয় পার্টির নেতা শের আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে তারা সহযোগিতার আশ্বাস দেন।