বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার কাহালুতে আলম মন্ডল (২৫) নামে এক কাঠমিস্ত্রিকে বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ উপজেলার বীরকেদার ইউনিয়নের জাঙ্গালপাড়ার একটি মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বলতে পারেননি।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, কাঠ মিস্ত্রি আলম মন্ডল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের নলডুবি গ্রামের লাল চাঁনের ছেলে। তিনি দুপচাঁচিয়ায় একটি ফার্নিচারে মিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হন। কাজ শেষে রওনা হলেও বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন তার মোবাইল ফোন বন্ধ পান। শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলার জাঙ্গালপাড়ার একটি মাঠে তার রক্তাক্ত লাশ পড়েছিল।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, দুপুরে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যার কোন কারণ জানা যায়নি। দুর্বৃত্তরা বুক ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতে আলমকে হত্যা করেছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি। তবে এলাকাবাসীদের ধারনা, পূর্ব কোন বিরোধ বা নারীঘটিত কোন কারণে প্রতিপক্ষরা আলমকে ওই মাঠে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে গেছে।