বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া ডিবি পুলিশের পৃথক অভিযানে একটি ওয়ান শ্যুটারগান ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার হয়েছে।
শুক্রবার রাতে শহরের আল-আমিন সুপার মার্কেট ও স্টেশন রোডে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের পুরান বগুড়া মধ্যপাড়ার আরিফ হোসেন আরিফ (২০), বালাকৈগাড়ীর হারুনার রশিদ আরিফুল (২৩), চকলোকমান কলোনীর ওমর ফারুক (২৯) এবং মালগ্রাম মধ্যপাড়ার মনিরুজ্জামান ওরফে মঞ্জুর রহমান (৪৫)।
ডিবি ইন্সপেক্টর আসলাম আলী ও এসআই সাইফুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে শুক্রবার রাত পৌণে ১২টার দিকে শহরের আল-আমিন সুপার মার্কেটের পাশ থেকে ১৫০ সিসি ইয়ামাহা মোটর সাইকেলসহ চালক আরিফ হোসেন আরিফকে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশী করে একটি দেশীয় সচল ওয়ান শ্যুটারগান পাওয়া যায়। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
এছাড়া রাত ৯টার দিকে স্টেশন রোডে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ী আরিফুল, মঞ্জুর রহমান এবং ওমর ফারুককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।