বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জেলার রাজস্থলী উপজেলায় প্রায় ১৬ কোটি টাকার ব্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় হাসপাতালের উন্নীতকরণ নির্মাণ কাজ শেষে মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচ.ই.ডি) এই প্রকল্পটি বআস্তবায়ন করে। হাসপাতালে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের মধ্যে রয়েছে চার তলা বিশিষ্ট ফাউন্ডেশন এর তিন তলা বিশিষ্ট হাসপাতাল ভবন ১টি, চার তালা বিশিষ্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডরমেটরি ও এম,ও ডরমেটরি ভবন ১টি ।
রাঙ্গামাটি সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার নব নির্মিত ভবনটি উদ্বোধন করেন।
উদ্বোধনের পর স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি তিনি বলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্য সেবার উন্নয়নে বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নতি হয়েছে। সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলের মানুষের সুবিধার্থে প্রতিটি উপজেলায় হাসপাতালের শয্যা উন্নীতকরণের মাধ্যমে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি ও সেবার মান বেড়েছে।সাধারণ মানুষ এখন সহজেই তাদের কাঙ্খিত সেবা ঘরের কাছেই পাচ্ছেন।
তিনি আরো বলেন এই ধরনের মহৎ কাজে যারা চাঁদা দাবি করে তারা কারো বন্ধু বা আপনজন হতে পারেনা। তাই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা,ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, সমাজ সেবা অফিস আবু জাফর, মেডিকেল অফিসারসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।