বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি হতে দেশের ৬৪টি জেলায় বিলাসবহুল বাস সার্ভিস চালু ও যাত্রীসেবা উন্নয়নের দাবিতে নবগঠিত রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির আত্মপ্রকাশের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত সংগঠনটি।
শনিবার রাঙ্গামাটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক আনোয়ার মিয়া বানু, যুগ্ম-আহবায়ক জহির আহমদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম মুন্না, সংগঠনটির উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সদস্য নন্দন দেবনাথ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের পরিবহন ব্যবসার নামে দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় দেশের বৃহত্তর জেলা রাঙ্গামাটি কয়েক লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নামে একটি সংগঠন। এই সংগঠনের দীর্ঘদিনের নৈরাজ্য-চাঁদাবাজি ও ফিটনেসবিহীন পুরাতন গাড়ি দিয়ে রাঙ্গামাটির যাত্রীদের শোষণ করে আসছে। প্রতি নিয়ত এই ধরণের গাড়ীর কারণে যাত্রী সাধারণ দূর্ঘটনা কবলিত হচ্ছে। এই শোষণের প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির সাধারণ যাত্রীরা প্রতিবাদ করে আসলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি তারা।
তাই এই সমস্যা থেকে যাত্রীদের পরিত্রাণ দিতে রাঙ্গামাটিতে আত্মপ্রকাশ করেছে রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাঙ্গামাটিবাসীদের উন্নত যাত্রী সেবার মান বাড়াতে মাঠে থাকবে বলে জানান নেতৃবৃন্দ।