বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে অনশন করছে বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টা থেকে বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবে বলে জানায় শিক্ষার্থীরা।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ওই বিভাগের শিক্ষকরা অনশন স্থলে গিয়ে আশ্বস্ত করলেও শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রাখে। এ সময় প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকায় আছে। তিনি আসলে শিক্ষার্থীদের নিয়ে এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
এর জবাবে শিক্ষার্থীরা বলেন, তারা বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান নিয়েই অনশন ভাঙবে। এর আগে দাবি মেনে নেয়ার লিখিত দিতে হবে বলে দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা একই দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালন করে। এর পর থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।