বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের বেলকুচিতে বিয়ের প্রলোভনে এক কিশোরী ধর্ষণের ঘটনায় ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, কুড়িগ্রামের কচাকাটা থানার মংলারকুঠি (কাশেম বাজার) গ্রামের শাজাহান আলীর ছেলে তাঁত শ্রমিক জাহাঙ্গীর আলম (২৫) ও তার সৎ ভাই শরিফ মন্ডল (২২)।
বেলকুচি থানার এসআই জয়দেব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে যুবক জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই দক্ষিপাড়া গ্রামে তাঁত শ্রমিকের কাজ করে।
কয়েক মাস আগে থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরবেরুয়াবাড়ী এলাকার এক কিশোরীর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমিক তাকে বিয়ের প্রলোভন দিলে ১৭ ফেব্রুয়ারী প্রেমিকা ওই কিশোরী বেলকুচির তামাই দক্ষিণপাড়া গ্রামে আসে। সেখানে পলাশ সরকার নামে এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে এবং তাকে ধর্ষণ করা হয়।
শুক্রবার বিকেলে প্রেমিক জাহাঙ্গীর ওই কিশোরীকে নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শশ্মানপাড়া গ্রামে বসবাসকারী তার সৎ ভাই শরিফ মন্ডলের সাথে তাকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ওই কিশোরী এ বিয়েতে রাজি না হয়ে মোবাইল ফোনে তার বাবা মাকে এই ঘটনা জানায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধায় ওই কিশোরীর বাবা মা সিরাজগঞ্জের বেলকুচি থানায় হাজির হয়ে এই অভিযোগ করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই ২ ভাইকে গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।