বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরে দুই জনের নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটির এনডিসি উত্তম কুমার দাশ জানান, সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গিয়ে রিজার্ভ বাজার ও আমানতবাগ এলাকায় হোমকোয়ারেন্টাইনে থাকা দুই জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের ডাক্তার মোঃ মোস্তফা কামাল জানান, ইতিমধ্যে দুই জনের নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছে। আজ এখন পর্যন্ত আরো দু’জনের নমুনা পাঠানোর সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে।
করোনা ভাইরাস আক্রান্তের সন্দেহে রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকার ঝুলিক্কা পাহাড়ের একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।
রবিবার রাত ১১ টার দিকে ঐ বাসাকে হোম কোয়ারেন্টাইন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের এনডিসি।
জানা গেছে, করোনা সন্দেহভাজন ব্যক্তি বাসু চট্টগ্রামের দামপাড়ায় করোনা পজেটিভ লকডাউন কৃত এলাকায় একটি দোকানে চাকুরী করতো। সে বাড়িতে আসার খবর পেয়ে তার পরিবারকে হোম কোয়ারেন্টাইন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ জানান, রাতে খবর পেয়ে প্রথমে তার বাসায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।