বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে প্রথম করোনা আক্রান্ত রোগী ইউসুফ আলী ও তার পরিবারের চিকিৎসাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবকিছুর দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।
গত (১৩ এপ্রিল) রোববার রাজশাহীর জেলা প্রশাসক সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
সেখানে তার ও পরিবারের সবকিছুর দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ্ করা আছে। আক্রান্ত ইউসুফ আলীকে তার নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানা গেছে।
ইউসুফ আলীর (৪৮) বাড়ি পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বগুড়াপাড়া গ্রামে। সে ঢাকায় একটি দর্জির দোকানে কর্মরত থাকার সুবাদে রাজধানীর শ্যামলী এলাকার রিংরোডের ভাড়া বাসায় থাকতেন।
গত ৩ এপ্রিল ইউসুফ ঢাকা থেকে ট্রাকে করে নিজ গ্রাম বগুড়াপাড়ায় ফেরেন। বাড়িতে থাকা অবস্থায় তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে চিকিৎসকরা তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরে তার নমুনায় করোনা পজেটিভ ধরা পরে।
দর্জি ইউসুফ আলীর বাবার নাম হায়দার আলী। তবে পুঠিয়ার নিজ বাড়িতে তার বোন ভাগনেসহ তিনজন বসবাস করেন। করোনা সনাক্তের পর উপজেলা প্রশাসন তাদের বাড়ি সহ আশেপাশে তাদের সংস্পর্শে থাকা ৪০ টি বাড়ি ও তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠান লকডাউন করেছে।
এছাড়াও গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক ও জেলার পুলিশ সুপার (এসপি) শহীদুল্লাহ।
১২ এপ্রিল রোববার বিকাল ৫ টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তার জানায় জিউপাড়া ইউনিয়নের ইউসুফ আলীর শরীর থেকে সংগ্রহকৃত নমুনায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।