বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় নতুন করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই পুলিশ কর্মকর্তা, তিন চিকিৎসক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়াল। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্স সেন্টার (এনআইএলএমআরসি) থেকে যে নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তাদের মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
আজ মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ।
জেলার সাত উপজেলায় নতুন করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে নওগাঁর রানীনগর উপজেলায় ৭জন, মহাদেবপুর উপজেলায় ৬জন, নিয়াতমপুর উপজেলায় ৮জন, সাপাহার উপজেলায় ৭জন, ধামইরহাট উপজেলায় ১জন, পত্নীতলা উপজেলায় ২জন এবং বদলগাছী উপজেলায় ১জন।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন জানান, করোনা আক্রান্তদের মধ্যে পত্নীতলা থানার পরিদর্শক (ওসি), পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছে।
ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্স সেন্টারে মোট ৭৩জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।আক্রান্ত সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন।
তিনি আরও জানান, নওগাঁর ১১ উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ৪৯ জনের পজেটিভ আছে এবং বাকি ৫৬৪ জনের রিপোর্ট এখনো আসেনি।