বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে কর্মরত এক নার্স ও এক রোগীর সেবা করতে আসা তার স্ত্রী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
তাদের দু’জনকেই আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন অফিসের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে বগুড়া ১০২ জন, জয়পুরহাটের ৮৫ জন ও সিরাজগঞ্জের একজনের নমুনা পরীক্ষা করা হয়।
রাতে পাওয়া রিপোর্টে এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স ও আইসোলেশনে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ ফেরত আদমদীঘির এক সিএনজি চালকের স্ত্রীর করোনাভাইরাস সনাক্ত হয়। জয়পুরহাট ও সিরাজগঞ্জের কেউ আক্রান্ত হননি।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, করোনা পজেটিভ ওই নার্স গত ২৬ এপ্রিল থেকে বাড়িতে সঙ্গনিরোধে আছেন। আর আদমদীঘির এক রোগীর সঙ্গে আসা তার স্ত্রীর নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। তাদের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে আইসোলেশনে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯ জন করোনা পজিটিভ। অন্যদের নমুনা বগুড়া শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দু’জনকে ছুটি দেয়া হবে। তাহলে ৯ জন পজিটিভ ও ৩ জন সন্দেহভাজন থাকবেন।