বাংলা হেডলাইনস নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। ধান ক্রয়ে কোনো রকম রাজনৈতিক বা মধ্যসত্ত্বভোগীদের প্রভাব যেন না পড়ে।
লটারিতে যেসব কৃষকের নাম উঠবে সে সুযোগ নিয়ে তারা তাদের কার্ড মধ্যসত্ত্বভোগীদের কাছে বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করার প্রমাণ মেলে কৃষি কার্ড বাতিলসহ চিরদিনের জন্য তিনি সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
এছাড়া যিনি কার্ড কিনবেন তিনিও মোবাইল কোর্টের আওতায় আসবেন।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী চালকল মালিকদের উদ্দেশে বলেন, যেহেতু বোরো মৌসুমে সরকার চাল ক্রয় করছে, সেহেতু পুরোনো চাল পালিশ করে খাদ্যগুদামে প্রবেশের চেষ্টা করবেন না, যা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। পোশাক কারখানার মালিকরা যেমন প্রণোদনা পাবেন তেমনি চালকল মালিকরা প্রণোদনা পাবেন কি-না তা নিয়ে অর্থ সচিবের সঙ্গে আলোচনা হয়েছে।
এ সময় জেলা খাদ্য কর্মকর্তা জিএম ফারুক হোসেন পাটোয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাজের হাসান, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমএ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে উপজেলার এমকে অটোরাইচ মিলের স্বত্বাধিকারী খলিল উদ্দিন ১ হাজার ৭৮৩ বস্তা এবং আলহেরা রাইচমিলের স্বত্বাধিকারী জাহিদ হোসেন ৬০০ বস্তা চাল গুদামে প্রবেশ করান।