বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর চরার হাস গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সৈয়দ রেজাউল করিম (৫৫) ও একই উপজেলার আমবাগান গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (৩০)।
আজ শনিবার সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী টমেটো বোঝাই একটি পিকআপে তল্লাশী চালিয়ে ৩৫৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় ২ টি মোবাইল, ২ টি সীম ৭ হাজার ২শত টাকাসহ পিকআপটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।