বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে শুক্রবার রাতে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত লিটন হোসেন (৩৫) মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে এসআই মোঃ নাজমুল হকের নেতৃত্বে একদল ফোর্স সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লিটন হোসেনকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে একটি ৯এমএম ও ২টি ৭.৬২এমএম বিদেশি পিস্তল, ০৬টি ম্যাগজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।