বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত, চিকিংসকের স্যাম্পল ও নেশা জাতীয় ওষুধ রাখার দায়ে ৯ ফার্মেসিকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছেন র্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এম এম এইচ ইমরান।
দন্ডপ্রাপ্তরা হলো- জামতৈল বাজারের হেলাল উদ্দিন, মাসুম আলী, রঞ্জু মিয়া, আব্দুল মালেক, শাহাদৎ হোসেন, মকবুল হোসেন, জুয়েল রানা, নান্নু হোসেন খন্দকার ও নূরে আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে এম এম এইচ ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিরাজগঞ্জ ড্রাগ সুপার শেখ আহসান উল্লাহর তত্বাবধানে উপজেলার জামতৈল বাজারে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা।
অভিযান চলাকালে উল্লেখিত নয় ফার্মেসি থেকে ৭ হাজার ৮৫৪ পিস চিকিৎসকের স্যাম্পল, ৬৭৮ পিস মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ১১৩ পিস নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মাহমুদ হাসান রনির আদালতের মাধ্যমে ৯ ফার্মেসি মালিককে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।