বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর বাজার এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অযথা চলাফেরা করার দায়ে দুই যুবককে তিনশো টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এছাড়াও সরকারি আদেশ অমান্য করে মার্কেট খোলা রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে আরও তিন ব্যবসায়ীতে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অযথা বাইরে চলাফেরা করা যুবকেরা হলেন শাহীন তালুকদারের ছেলে মোস্তাফিজুর রহমান (২৮) এবং বাবুল চন্দ্রের ছেলে তাপস (৩০)। এদের মধ্যে মোস্তাফিজুরকে ১০০ এবং তাপসকে ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী শহিদুল ইসলামকে ৫ হাজার, সুভাস চন্দ্র দাসকে ২ হাজার এবং অস্বাস্থ্য পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করার দায়ে মো.জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।