বাংলা হেডলাইনস খুলনা: খুলনার তেরখাদায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাত হোসেন (৪৫) নামের এক ডিলারকে আটক করা হয়েছে।
আটক সারাফাত তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার ১০ টাকা মূল্যে বিতরণ করা সরকারি চালের ডিলার।
আজ দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার শেখপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, তেরখাদা উপজেলার বলরামপুর গ্রামের ৬ ব্যক্তির চাল ডিলার সারাফাত দীর্ঘদিন ধরে আত্মসাত করেছেন। চাল না পাওয়া ওই ৬ ব্যক্তি হলেন বলরামপুরের সৈয়দ সাহজাহান, সৈয়দ ফুরবান আলী, অনুপ কুমার মন্ডল, অনাদী বিশ্বাস, মো: মিতুন আলী ও বিমন সমদ্দার।
তারা জানান, তারা জানেন না তাদের নামে কার্ড আছে। এখন শুনছেন তাদের নামে কার্ড করে ডিলার সারাফাত চাল আত্মসাত করছেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাতকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।