বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার মাঝগ্রাম সরকারি প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেনীর এক ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সহকারী শিক্ষক নুরজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নুরজ্জামান মাঝগ্রাম সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক ও এনায়েতপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে। সে চার সন্তানের জনক।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ মামলার বরাত দিয়ে জানান, উক্ত বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে প্রায় সাড়ে ৫ মাস আগে ছুটির পর কথা আছে বলে শ্রেণী কক্ষের ভিতরেই মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় সে কান্নাকাটি শুরু করলে তাকে ভয়ভীতি দেখিয়ে ১০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
ঘটনাটি কাউকে বললে তাকেসহ পরিবারের সবাইকে খুন করার হুমকিও দেয় ওই শিক্ষক। একারণে ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি নির্যাতিতা ওই ছাত্রী। সম্প্রতি ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা ডাক্তারের কাছে নিয়ে যায়।
গত ২৭মে বেলকুচি উপজেলা সদরে একটি হাসপাতালে মেয়েটির আলট্রাসনোগ্রাফি করা হলে রিপোর্টে ৫ মাসের গর্ভবতী বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে স্কুল এবং এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা।
আজ শনিবার দুপুরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ বিদ্যালয় থেকে শিক্ষক নুরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।