বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪১ বস্তা চাল আত্মসাতের মামলায় পলাতক ডিলার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিএম সানাউল্লাহ ঝিলুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তাকে সংগঠন থেকে বহিস্কার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিএম সানাউল্লাহ ঝিলু কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
তিনি ১০ টাকা কেজি দরের ৫০ কেজি ওজনের ৪১ বস্তা চাল দরিদ্রদের মাঝে বিতরণ না করে তার চালকলে রাখেন। ঈদের আগের দিন কালোবাজারে বিক্রির জন্য কাজিপাড়া এলাকার চালকল থেকে অন্যত্র নেবার চেষ্টা করেন।
স্থানীয় জনগণ টের পেয়ে এগিয়ে এলে চালগুলো ফেলে লোকজন সটকে পড়ে। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ৪১ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসে।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে ডিলার টিএম সানাউল্লাহ ঝিলু ছিলেন না। চালগুলো সরকারের কোন কর্মসূচির তা যাচাই-বাছাই করতে খাদ্য বিভাগে বলা হয়েছে।
এ ঘটনায় এসআই গাউসুল আজিম ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
এদিকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতে কাহালুর বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিএম সানাউল্লাহ ঝিলু চেষ্টায় জড়িত থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এক বিজ্ঞপিতে জানান, সরকারের চাল আত্মসাতের মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তাকে সংগঠন থেকে বহিস্কার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।