বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর পোরশায় ট্রলি ভর্তি সরকারি ১৮০ বস্তা গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বলেন এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের সবাইকে গ্রেফতার করা হবে জানান তিনি।
গোপন সূত্রে জানা যায়, পোরশার নিতপুর সরকারি গুদাম থেকে কর্মকর্তা আব্দুল মতিনের সহয়োগিতায় সেখান থেকে গম এক ছাত্রলীগের নেতার বাড়িতে পাচার করা হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান এ নির্বাহী কর্মকর্তা। ওই সময় নাছিরের বাড়ির সামনে থেকে একটি ট্রলি বোঝায় ১৮০ বস্তা সরকারি গম উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নাসির। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্য গুদাম পরিদর্শন করে ১৮০ বস্তা সরকারি গম পাচারের সত্যতা পান।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মূল আসামি নাসির উদ্দিন পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চলছে। তবে এ ঘটনায় অন্য যে কেউ জড়িত থাকলে তাদেরও ধরা হবে।