বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পূর্নবাসন এলাকায় ঢাকাগামী চাল ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সেই সাথে র্যাব-১২ সদস্যরা জাহিদুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাহিদুল বগুড়া জেলার গাবতলী উপজেলার তিন্নিরহাট কালাইহাটা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
আজ বুধবার দুপুরে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উল্লেখিত এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এসময় ঢাকাগামী চাল ভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে গ্রেফতারসহ ট্রাকটিকে জব্দ করা হয়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।