বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া সদরের আকাশতারা এলাকায় প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা আবু তালেবকে (৩৫) কুপিয়ে ও গলাকেটে হত্যাকান্ডে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের স্বীকারোক্তিতে পুলিশ হত্যায় ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যায় তাদের শহরতলির বারপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী শনিবার সকালে এ তথ্য দিয়েছেন।
গ্রেফতার দু’জন হলো বগুড়া সদরের আকাশতারা মধ্যপাড়া এলাকার আফসার প্রামানিকের ছেলে চাঁন মিয়া (২১) ও একই এলাকার কাইয়ুম প্রামানিকের ছেলে বাপ্পারাজ বাপ্পা (২৪)।
বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন জানান, গত ১৪ জুন বেলা দেড়টার দিকে আকাশতারা এলাকায় জুট মিলের সামনে সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেবকে (৩৫) কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়।
পরদিন নিহতের স্ত্রী রোখসানা খাতুন সদর থানায় চাঁন মিয়া, বাপ্পারাজ ও ফিরোজ ওরফে ফোকরার নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন।