বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার গভীর রাতে অপু কুমার (২৭) নামে এক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত অপু কুমার শহরের বাহিরগোলা মহল্লার মৃত রনজিত বীরের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার গভীর রাতে সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের সদর উপজেলার সয়দাবাদ হাইস্কুলের সামনে রশি টানিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সঙ্ঘবদ্ধ ডাকাতদল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতেরা পালিয়ে গেলেও অপু কুমারকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুটি হাসুয়া ও লোহার রডসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৪ ডাকাতের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেফতারকৃত অপু কুমার পুলিশে চাকরী করতো। কিন্তু বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে চাকরীচ্যুত করা হয় বলে উল্লেখ করেন।