বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে উপজেলার পারিল খুয়াইমুড়ি গ্রামের একটি পাটক্ষেত থেকে লালন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
লালন মিয়া সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর এলাকার মৃত হারুনার রশিদের ছেলে ও উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর এলাকায় ব্রিটানিয়া প্যাকেজিং ফ্যাক্টরীতে চাকুরি করতেন।
শনিবার (২৭ জুন) সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহতের বড়ভাই হাবিবুর রহমান দেওয়ান জানান, শুক্রবার দিন সকাল ১০টার দিকে আমার ভাই লালন সাইকেলযোগে বাড়িতে আসার পথে সিংগাইর-ঘোনাপাড়া হাসপাতাল রোডে কামালের বাড়ির সামনে সড়কে থেকে ৪/৫ যুবক মাইক্রোবাস যোগে অপহরন করে নিয়ে যায়।
এ খবর পেয়ে বিভিন্ন দিকে খোজাখুজি করে না পেয়ে সিংগাইর থানায় যোগাযোগ করি।
আজ সকালে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি। পূর্ব শত্রুতার জের ধরে আমাদের প্রতিবেশীদের সাথে বিবাদ চলছিল, তারাই এ ঘটনা ঘটাতে পারে।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, শনিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে উপজেলার পারিল খোয়াইমুড়ি এলাকার একটি পাটক্ষেত থেকে লালনের লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।