বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মহানগরীর খালিশপুরে দেশিয় অস্ত্র নিয়ে গণপিটুনিতে নিহত বাপ্পি (২৮) হত্যা মামলার ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। আসামীরা হলো মোঃ সুজন (২৬), মোঃ পলাশ (২৪), মোঃ সুমন (৩০), শাহিন (৩৫), ফারমান (২৪), সেলিম (২৬), মঈন (২৫), নওশাদ (২৫), ছেদি (২৩) ও ইরফান (২০)।
খালিশপুর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার।
তিনি জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে মহানগরীর খালিশপুরের ১নং বিহারী কলোনী এলাকায় বাপ্পি দেশিয় অস্ত্র চাপাতি নিয়ে স্থানীয় একজনকে হামলা চালায়।
এসময় স্থানীয় লোকজন তার হাতের চাপাতি কেড়ে নিয়ে তাকে গণধোলাই দেয়। এতে বাপ্পি গুরুতর আহত হন। পরে ১৮ জুন চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ১৮ জুন নিহত বাপ্পির স্ত্রী রানী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।