বাংলা হেডলাইনস খুলনা : সুন্দরবনে নতুন করে দস্যুতায় নেমে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে।
এসময় আরও দুইজন দস্যু আটক ও দুইজন জেলেকে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়অস্ত্র, ৩৩ রাউন্ড গুলি, দেশী অস্ত্র, দস্যুতায় ব্যবহার্য অন্যান্য মালামাল ও ট্রলার জব্দ করা হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামদো নদী, মালঞ্চ নদী, খোপড়াখালী নদী ও ফিরিঙ্গি নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গত ২৫ জুন রাত থেকে আজ ২৮জুন ভোর পর্যন্ত অভিযান চালায় র্যাব। আজ ২৮ জুন (রবিবার) দুপুর সাড়ে ১২টায় খুলনার র্যাব ৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানিয়েছেন।
নিহত নতুন দস্যুরা হলো, সাতক্ষীরার হরদহ এলাকার মোঃ লুৎফরের ছেলে শরিফুল ইসলাম (২৪), আশাশুনি উপজেলার বসুখালীর মৃত জামাত আলীর ছেলে হাবিবুর রহমান (২৪) ও অজ্ঞাত (২৫)একজন। এছাড়া আটক অপর দুইজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র্যাব ৬এর অধিনায়ক লেঃ কর্নেল রওসোনুল ফিরোজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
র্যাব মহাপরিচালক বলেন, সুন্দরবনে নতুন করে দস্যুতায় নামার চেষ্টা করলে তাদের পরিনতি এরকম হবে। আমাদের গোয়েন্দা নজরদারির হাত থেকে কেউ পার পাবেনা।