বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে গত তিন দিনে আরো ৭৮ জনের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭০৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৫২৭ জন।
আজ শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত তিনদিনে মানিকগঞ্জ থেকে পাঠানো করোনার নমুনার কোন ফলাফল পাওয়া যায়নি। তিনদিন পর গত রাতে আসা ফলাফলে জানা যায়, ৭৮ জনের নমুনায় পজেটিভ এসেছে।
এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৪০ জন রয়েছেন। তাঁদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, সাংবাদিক, ফার্মাসিস্ট ও তিনজন নার্স রয়েছেন।
এ ছাড়া সিঙ্গাইর উপজেলার নয়জন, ঘিওরে ছয়, শিবালয়ে আট, হরিরামপুরে দুই, দৌলতপুরে সাত ও সাটুরিয়া উপজেলায় ছয়জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। এই নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা ৭০৯ জন।
বর্তমানে ১৮২ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে আটজন জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং ১৭৪ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন। আর করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ১৮ জন।
মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫২৭ জন।
জেলায় কোভিডে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে প্রতি চারজনে একজন করে সুস্থ হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে শতভাগ মাস্ক পরলে করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যাবে।