বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ডিগ্রীদোরতা বাজারের এক ব্যবসায়ীর দোকান থেকে ৬২ বস্তা ভিজিডির ((ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল উদ্ধার করেছে পুলিশ। কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই চর এলাকার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালীর নেতৃত্বে একদল পুলিশ ওই বাজারের খাদ্য ব্যবসায়ী চাঁন মিয়ার দোকানে তল্লাশি চালিয়ে ৬২ বস্তা চাল উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
উদ্ধারকৃত চাল ওই এলাকার নিশ্চিন্তপুর ইউনিয়নের কার্ডধারী সুবিধাভোগী মানুষের। এ ব্যাপারে চাঁন মিয়াসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
ইতিমধ্যেই মামলার তদন্তও শুরু হয়েছে।
এদিকে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।