বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : মানতের মাংসকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘাতক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টার সময় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে। রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ ।
ওই গ্রামের রিয়াজুল ইসলাম জানান শুক্রবার সকাল বেলা মানতের একটি ছাগল কোরবানী দেয় ঘাতক নজির হোসেন । মানতের মাংস বন্টন করে দেয়া হয় এলাকায় । কিছু মাংস তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৩) ঘরে রাখে ।
সেই মাংস রান্না করাকে কেন্দ্র করে উভয়ের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় । এক পর্যায়ে স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে নিজ ঘরে দেশি ধারালো দা দিয়ে গলায় কোপ দেয় নজির । সাথে সাথে মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আনোয়ারা বেগম । রক্তে ভেসে যায় ঘরের মেঝে। খবর পেয়ে লোকজন জড়ো হয় তার বাড়িতে ।
এ সময় নজিরের মা নবিজন ও বাবা ইসমাইল হোসেন পালিয়ে যায় । পরে এলাকার লোকজন নজির হোসেনকে আটক করে বেঁধে থানায় খবর দেয় ।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নজির কে থানায় নিয়ে যায় । নিহত আনোয়ারা বেগমের দুই মেয়ে দুই ছেলে রয়েছে ।
পরে মেয়ের মা আবেদা বেওয়া বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।
কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য খলিলুর রহমান জানান পারিবারিক কলহের জেরকে কেন্দ্র করে এ হত্যা হয়েছে । তার শাস্তি হওয়া উচিত ।
ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান হাবিব জানান স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । ঘাতক স্বামীকে আটক করা হয়েছে । লাশ মর্গে পাঠানো হয়েছে ।